হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথার সমস্যায় অনেকেই ভোগেন। চিকিৎসকদের মতে, এই ধরনের ব্যথার একটি অন্যতম কারণ হতে পারে মিনিসকাস ইনজুরি। মূলত হাঁটুর জয়েন্টে শক অ্যাবজর্বার বা কুশনের মতো কাজ করে মিনিসকাস। তবে হঠাৎ মোচড় লাগলে কিংবা অতিরিক্ত ওজনের চাপে এই অংশটি ছিঁড়ে যেতে পারে, যা পরবর্তীতে গুরুতর সমস্যার সৃষ্টি করে।
মিনিসকাস ইনজুরির ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ পরিলক্ষিত হয়। সাধারণত হাঁটুর জয়েন্টের ভেতরের বা বাইরের পাশে তীব্র ব্যথা অনুভব করা যায়। ইনজুরির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই হাঁটু ফুলে উঠতে পারে এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হাঁটু আটকে যাওয়ার মতো অনুভূতি হয়, যার ফলে হাঁটু পুরোপুরি ভাঁজ করা বা সোজা করা কঠিন হয়ে পড়ে। মনে হতে পারে যেন ভেতরে কিছু আটকে আছে।
এছাড়া, হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে গেলে বা শরীর ঘোরাতে গেলে হাঁটু দুর্বল মনে হতে পারে অথবা অবশ হয়ে যাওয়ার অনুভূতি হতে পারে। হাঁটু নড়াচড়া করার সময় অনেক ক্ষেত্রে পপ বা ক্লিক শব্দ শোনা যায়।
মিনিসকাস ইনজুরির চিকিৎসা পদ্ধতি মূলত ইনজুরির তীব্রতা, রোগীর বয়স এবং তাঁর দৈনন্দিন জীবনযাত্রার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। যদি ইনজুরি ছোট হয় এবং মিনিসকাসের বাইরের অংশে (যেখানে রক্তের সরবরাহ ভালো) রক্ত জমাট বাঁধার মাধ্যমে প্রাকৃতিকভাবে সেরে যাওয়ার সুযোগ থাকে, তবে রক্ষণাত্মক চিকিৎসা দেওয়া হয়। এই প্রক্রিয়ায় হাঁটুতে অতিরিক্ত চাপ পড়ে এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়। দিনে ৩-৪ বার ১৫-২০ মিনিট বরফ সেঁক দিলে ফোলা ও ব্যথা কমে। হাঁটু স্থিতিশীল রাখতে ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার এবং শোবার সময় হাঁটু বালিশের ওপর উঁচুতে রাখার পরামর্শ দেওয়া হয় যাতে ফোলা দ্রুত কমে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেইনকিলার বা প্রদাহরোধী ওষুধ সেবন এবং হাঁটু শক্তিশালী করার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম করার কথা বলা হয়।
তবে ইনজুরি গুরুতর হলে, হাঁটু আটকে গেলে কিংবা রক্ষণাত্মক চিকিৎসায় কাজ না হলে অপারেশনের প্রয়োজন হতে পারে। সাধারণত আর্থ্রোস্কোপি নামক ছোট একটি দুরবিন পদ্ধতির মাধ্যমে এই সার্জারি সম্পন্ন করা হয়। অপারেশনের ধরন তিন প্রকার হতে পারে:
১. মিনিসকাস রিপেয়ার: এই পদ্ধতিতে ছিঁড়ে যাওয়া অংশটি সেলাই করে জোড়া লাগিয়ে দেওয়া হয়।
২. মেনিসেকটমি: যদি মিনিসকাসের ক্ষতিগ্রস্ত অংশটি আর জোড়া লাগার মতো অবস্থায় না থাকে, তবে সেই অংশটি কেটে বাদ দেওয়া হয়।
৩. মিনিসকাস ট্রান্সপ্ল্যান্ট: অত্যন্ত বিরল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মিনিসকাস পুরোপুরি প্রতিস্থাপন করা হতে পারে।
উল্লেখ্য যে, সার্জারির পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের প্রয়োজন হয়।
তথ্যসূত্র: অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা।