রাজশাহীতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের পর্দা নামল। ছয় দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার চারটি ভিন্ন ইভেন্টে মোট ছয়জন খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
ছেলেদের একক ইভেন্টে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। অন্যদিকে, ছেলেদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি। মেয়েদের বিভাগে চীনের আধিপত্য ছিল চোখে পড়ার মতো; একক ইভেন্টে শিরোপা জিতেছেন জিমো সঙ এবং দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একই দেশের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি।
আজ শনিবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে ছেলেদের এককের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। এই ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন লিকুল পার্টচারাপুল। প্রথম সেটে আধিপত্য বজায় রাখার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় নিশ্চিত করেন থাইল্যান্ডের এই প্রতিভাবান খেলোয়াড়।
টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী প্রতিযোগিতার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফাইনালেও তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। লিকুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন।’
ছেলেদের এককে রানার্সআপ হয়ে সন্তুষ্ট না হয়ে দ্বৈতে শিরোপা জিতে নিয়েছেন চাইনিজ তাইপের জিচে চেন। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত দ্বৈত ফাইনালে তিনি ও ওয়েই-চেং ট্যাং জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানির জুটিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
মেয়েদের বিভাগে একক ও দ্বৈত—উভয় ইভেন্টেই জয়জয়কার ছিল চীনের। মেয়েদের এককের ফাইনালে জিমো সঙ তাঁরই দেশের জেনসি ডঙকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে একপাক্ষিক জয় এবং শিরোপা লাভ করেন। অন্যদিকে, মেয়েদের দ্বৈতে সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জেতেন। মেয়েদের এককের লড়াই খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও দ্বৈতে লড়াই করে জয় ছিনিয়ে নিতে হয়েছে চীনের খেলোয়াড়দের।
গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। ছয় দিনব্যাপী এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০টি দেশের শতাধিক তরুণ খেলোয়াড় অংশ নেন। বিভিন্ন দেশের উদীয়মান খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো টুর্নামেন্টজুড়ে এক টানটান প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ বিরাজ করছিল। আজ শনিবার ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আসরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু, মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্যসচিব প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল।