বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতবার গণ-অভ্যুত্থান হয়েছে, তার সবটুকুরই রাজনৈতিক সুবিধা ভোগ করেছে বিএনপি। ১৯৭৫ সালের সিপাহি বিপ্লব থেকে শুরু করে প্রতিটি ঐতিহাসিক গণ-আন্দোলনের পর চূড়ান্ত রাজনৈতিক লাভ এই দলেরই পকেটে গিয়েছে বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি মুক্তকণ্ঠের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান 'আলাপন'-এ অংশ নিয়ে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আলোচনায় তিনি দেশের রাজনৈতিক গতিপ্রকৃতি ও গণ-আন্দোলনের পরবর্তী পরিস্থিতির এক বিশ্লেষণ তুলে ধরেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে রক্ত দিলেও ইতিহাস ও রাজনৈতিক মেরুকরণের কারণে মূল রাজনৈতিক সুবিধা নির্দিষ্ট প্রথাগত দলের কাছেই চলে যায়।”
তাহসিন রিয়াজ আরও পর্যবেক্ষণ করেন যে, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমলাতন্ত্র এবং সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে বিপ্লবীদের সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা করে। তিনি বলেন, “গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমলাতন্ত্র ও শক্তিশালী গোষ্ঠীগুলো বিপ্লবীদের সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার অপচেষ্টা চালায়। ফলে রাজপথের মূল আন্দোলনকারীদের সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করে পুরোনো রাজনৈতিক দলগুলো সব সুফল ভোগ করে।”