কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করে আন্তঃসীমান্ত টেররিজমের সাথে যুক্ত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ৩টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে তিনি এই গুরুতর মন্তব্য করেন।
তার ওই ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেররিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির ৩ নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুইটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ। সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ।”
পোস্টে আরও উল্লেখ করা হয় যে, গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ।”
বিএনপির ভেতরে যারা সুযোগ সন্ধানী এবং আর্থিক লাভের আশায় আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছেন, তাদের তীব্র সমালোচনা করেন সারজিস আলম। তিনি প্রশ্ন তোলেন, “বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন। তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন আসবে? যদি আসে, তাহলে ভালো। আর যদি না আসে, তাহলে খুব শিগগিরই এর ফল আপনাদের ভোগ করতে হবে।”
পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আক্ষেপ প্রকাশ করে তিনি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সারজিস আলম লিখেছেন, “এ ক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে। আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর।”