বিএনপির একটি নির্দিষ্ট অংশের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্ক বজায় থাকার বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের সমঝোতার রাজনীতি সক্রিয় রয়েছে, যেখানে ক্ষমতার পালাবদল ঘটলে এক পক্ষ শাসনভার গ্রহণ করে এবং অন্য পক্ষ দেশের বাইরে গিয়ে তাদেরই ব্যবহৃত বাসভবনে আশ্রয় নেয়।
হাসনাত আবদুল্লাহর মতে, বিএনপির একটি অংশের এই গোপন সম্পর্কের কারণেই দলটির আন্দোলন কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমনও শুনেছি, মালয়েশিয়ার যে বাড়িটাতে এতদিন বিএনপির এক এমপি থাকতো, ঠিক ওই বাড়িটাতে গিয়েই আবার আওয়ামী লীগের এমপি উঠছে। আগের এমপি, মানে এই ১৭ বছর বিএনপির এমপি পলাতক ছিল। কোথায় ছিল? মালয়েশিয়ার একটা বাড়িতে। তখন আওয়ামী লীগের এমপি বাংলাদেশে রাজত্ব করেছে। ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের এমপি গিয়ে মালয়েশিয়ার ওই বাড়িতে উঠছে, আর বিএনপির এমপি মালয়েশিয়ার বাড়ি থেকে আবার ওই এলাকায় আসছে। কত সুন্দর সেটেলমেন্ট! তো আবার যদি পটপরিবর্তন হয়, সমস্যা কী! ভাই আমি আছি, আবার তোমাকে দেখব।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান সেলের উদ্যোগে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়, যা মূলত শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন যে, রাজনৈতিক পরিবর্তনের ফলে এক অংশ দেশে ফিরছে এবং অন্য অংশ তাদের আশ্রয়ে থাকছে, যার চূড়ান্ত খেসারত দিচ্ছে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের তৃণমূল কর্মীরা। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হলে দেশে পুনরায় নির্যাতন ও নিপীড়নের পরিবেশ তৈরি হতে পারে এবং বিএনপির একটি অংশের এই কর্মকাণ্ডের কারণে দলটির সাধারণ নেতা-কর্মীদের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
আওয়ামী লীগের বিচারের প্রশ্নে বিএনপির দ্বিচারিতার অভিযোগ এনে তিনি বলেন, পলাতক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও দেশে অবস্থানরত অপরাধীদের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না। গণ-অভ্যুত্থানের দুই বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত একটি রায়ও বাস্তবায়ন করা হয়নি বলে তিনি দাবি করেন।
এনসিপির এই নেতা আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের বিচার দৃশ্যমান না হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না। তিনি উল্লেখ করেন, ২১৭টি আসন পেয়েও বিএনপি জনগণের আশা মেটাতে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং দেশকে রক্ষা করতে সবাইকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত ‘লার্জেস্ট হাউস অব ক্রস-বর্ডার টেররিস্ট’। তিনি উদাহরণ দিয়ে বলেন, উত্তর-পূর্ব ভারতের নিষিদ্ধ সংগঠন উলফারের কোনো নেতা বাংলাদেশে বসে আসামে সন্ত্রাসী কার্যক্রম চালালে ভারত তা মেনে নিত না। অথচ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন একটি দল ভারতে বসে একই ধরনের কার্যক্রম চালালেও ভারত তা মেনে নিচ্ছে, যা চরম দ্বিচারিতা।
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক। তবে এই আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ যেন কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকা প্রয়োজন। কারণ কারখানা ধ্বংস হলে শ্রমিকদের কর্মসংস্থানই হুমকির মুখে পড়বে।
একই সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এবং জামিন বাণিজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি দাবি করেন, বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে। তাঁর অভিযোগ, বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামী লীগের দাগি আসামিদের জামিন করানোকে একটি উৎসবে পরিণত করেছেন এবং কোটি টাকা দরে জামিন করানোর দর-কষাকষি করছেন।
সারজিস আলম বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের অপরাধীদের আশ্রয় ও জামিন বাণিজ্য বন্ধ না করে, তবে জনগণের ঐক্য প্রত্যাশা করা বৃথা। জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করলে বিএনপি খুব দ্রুতই দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এছাড়া এনসিপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, সমন্বয়কদের ওপর আক্রমণ ও হত্যার হুমকির ঘটনায় সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে বিচারিক প্রক্রিয়ার দাবি জানান। তিনি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কূটনৈতিকভাবে ফেরত পাঠানোর আহ্বান জানান, যারা বিদেশে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের ওপর হামলা করছে।
সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় সরকারের আত্মবিশ্বাস ও দৃঢ়তার অভাব দেখা যাচ্ছে। বিএনপির নমনীয়তা ও আপসকামিতার চড়া মূল্য দিতে হতে পারে দেশের জনগণকে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দেওয়া হচ্ছে এবং অর্থের বিনিময়ে তাদের অপরাধীদের জামিন করানো হচ্ছে।
তিনি ২০০৬ সালের পল্টনের লগি-বইঠার তাণ্ডব এবং গোপালগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপির আপসকামিতার কারণে আওয়ামী লীগ ফিরতে পারলে পুনরায় লগি-বইঠা দিয়ে দেশের মানুষকে হত্যা করতে চাইবে।
লন্ডনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ হাই কমিশনের ব্যর্থতার কথা উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, হাইকমিশনে আওয়ামী লীগের লোক বসানোর কারণেই এমনটা হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাময়িকভাবে আটক করে পরে অর্থের বিনিময়ে ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে তাদের ভোট বিএনপির দিকে নেওয়া যায়। এই ধরনের ভোটের রাজনীতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় পড়ছে।
সরকারের প্রতি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলকে হুমকি দিয়ে সহযোগিতা পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলতে হবে যে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন, তবেই তারা এগিয়ে আসবে।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আওয়ামী লীগের নাশকতার পেছনে ক্ষমাসুন্দর মানসিকতা দায়ী। সরকারের উচিত বড় কথা না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে নজর দেওয়া।
শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেন, খুন ও গুমের সঙ্গে জড়িতদের বিচার এখনো দৃশ্যমান নয়। সরকারকে এই বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, অন্যথায় সরকারের পরিণতিও বিগত সরকারের মতো হতে পারে।
সভায় আরও বক্তব্য রাখেন শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, শহীদ আরাফাত হুসাইনের ভাই হাসান আলী, আহত আতিকুল গাজী এবং জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি সালমান হোসেন।