আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় আসার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তার আগে আগামী জাতীয় সংসদের নির্বাচনে নিজেদের দেশের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় দলটি।
সম্প্রতি মুক্তকণ্ঠের ধারাবাহিক আয়োজন 'আলাপনে' অংশ নিয়ে এসব কথা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
অনুষ্ঠানে তাহসিন রিয়াজ বলেন, "নতুন রাজনৈতিক দল হিসেবে অনেক সীমাবদ্ধতা ও ভুলত্রুটি থাকা সত্ত্বেও এনসিপি প্রতিনিয়ত সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভালোবাসা, আস্থা এবং ভোটের মাধ্যমেই দলটি রাষ্ট্রক্ষমতায় যেতে আগ্রহী।
ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, "কোনো অসৎ উপায় বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার মানসিকতা এনসিপির নেই।"
তাহসিন রিয়াজের মতে, নিজেদের নীতি, সততা এবং কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতা তৈরি করে আগামী এক দশকের মধ্যে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেওয়াই তাদের মূল লক্ষ্য।