কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তিনটি সম্মানজনক পুরস্কার অর্জন করল চলচ্চিত্র ‘রইদ’। এর আগে ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এশিয়ার সেরা ছবি হিসেবে ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নজর কেড়েছিল এই সিনেমাটি। এবার কানাডার উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাজিফা তুষি, সেরা চিত্রগ্রহণের পুরস্কার জিতেছেন জোয়াহের মুসাভভির এবং সেরা সংগীতের পুরস্কার পেয়েছেন রাশীদ শরীফ শোয়েব।
‘রইদ’ সিনেমায় ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে থেকেই তাঁর বিশেষ সাজ ও লুক দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে সিনেমাটি মুক্তির পর তাঁর অভিনয় দক্ষতা নিয়ে শুরু হয় আলোচনা। সেই সিনেমার অভিনয়ের জন্যই এবার প্রথমবারের মতো পুরস্কার পেলেন তুষি।
নিজের এই অর্জন সম্পর্কে অভিনেত্রী নাজিফা তুষি বলেন, “আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”
সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান মুক্তকণ্ঠকে জানান, “অসাধারণ সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে রইদ দ্বিতীয় পুরস্কার পেল। সিনেমাটি মুক্তির পরেই অভিনেত্রী নাজিফা তুষিকে নিয়ে অনেক কথা হচ্ছিল। তাঁর অভিনয়ের প্রশংসা করছিলেন সবাই। এবার আন্তর্জাতিকভাবে তাঁর পুরস্কার পাওয়ায় ভালো লাগছে। এ ছাড়া আরও আনন্দের খবর, আমাদের সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হচ্ছিল, মিউজিক নিয়েও আলাদা কথা হচ্ছিল। তাঁরা দুজন এবার পুরস্কার পেলেন।”
গত ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে গতকাল শেষ হয়েছে মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের ১২তম আসরে সেরা সিনেমার পুরস্কারটি জিতেছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। উল্লেখ্য, নেপালের এই সিনেমাটি চলতি বছর কানের আঁ সার্তে রিগা বিভাগের জুরি পুরস্কারও লাভ করেছে।