২০২৪ সালের ডিসেম্বরে তাঁর প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছিলেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। পুরান ঢাকার পটভূমিতে নির্মিত সেই সিনেমাটি দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ওই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে পুরস্কার জিতেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ বিরতির পর এবার নতুন এক প্রজেক্ট নিয়ে আবারও ফিরছেন শঙ্খ।
আগামী ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী নাজিফা তুষি। এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। বড় পর্দায় সিয়াম ও তুষির এই নতুন রসায়ন দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে তারকার চমক এখানেই শেষ নয়। ‘আবার দেখা হলে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া অভিনয়শিল্পী হিসেবে যুক্ত আছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ এবং রেজওয়ান পারভেজ।
সিঙ্গার। বেকো প্রেজেন্টস ‘আবার দেখা হলে’ সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্মি ফিচারস’। সিনেমাটির সাথে সহপ্রযোজক এবং অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’, ‘ইন অ্যাসোসিয়েশন উইথ’ ও ‘এমআইবি স্টুডিওস’।
‘প্রিয় মালতী’র পর চলতি বছর চরকিতে মুক্তি পাওয়া ‘চা গরম’ সিনেমাটিও ব্যাপক প্রশংসিত হয়েছিল। নির্মাতা জানিয়েছেন, ‘আবার দেখা হলে’ মূলত একটি ড্রামা ঘরানার সিনেমা, যা পরিবারের সব বয়সী সদস্য নিয়ে প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে।
সিনেমাটি সম্পর্কে শঙ্খ দাশগুপ্ত বলেন, “গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকেরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাঁদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।”
গল্পের ধরন ব্যাখ্যা করে শঙ্খ দাশগুপ্ত আরও বলেন, “এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে, যদি কেউ তাঁর নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেইভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।”
নির্মাতার কথা থেকে ধারণা করা যায়, সিনেমাটির মূল ভাবনা হলো নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া কিংবা নিজেকে পুনরায় দেখা এবং ফেলে আসা স্মৃতিগুলোর সাথে আত্মিক সংযোগ স্থাপন করা। নির্মাতা জানিয়েছেন, দর্শকের সামনে এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন সময়কালের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে, যা দর্শকদের এক স্মৃতিঘেরা সফরে নিয়ে যাবে। আর এই আবেগকে আরও অর্থপূর্ণ করে তুলবে সিনেমার আবহসংগীত ও গান, যা চলচ্চিত্রের অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে বলে তিনি মনে করেন।
সিনেমাটির সহপ্রযোজক এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার কারণ জানিয়ে বলেন, “চরকি বিশ্বাস করে নানা অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকেরা সেটা বুঝতে পারবেন। “আবার দেখা হলে” সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকেরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন বলে বিশ্বাস করি।”
উল্লেখ্য, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।