শরীফুল রাজ, নাজিফা তুষি এবং কুমার উদয়ের অভিনয় জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল 'আইসক্রিম' সিনেমার মাধ্যমে। রেদওয়ান রনির নির্দেশনায় নির্মিত এই চলচ্চিত্রটি ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ঠিক এক দশক পর এখন ডিজিটাল প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। গতকাল সোমবার রাত ১২টা থেকে দর্শকরা চরকিতে উপভোগ করতে পারছেন 'আইসক্রিম'।

সিনেমাটির মুক্তির আগে গত ১৬ অক্টোবর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি থিমেটিক পোস্টার শেয়ার করা হয়। ওই দিন রোববার মুক্তির তারিখ ঘোষণা করে লেখা হয়, ‘তাপমাত্রা বাড়ছে, আর অপেক্ষার বরফ গলছে! আর মাত্র দুদিন পর জানা যাবে, কে গলবে আর কে জমে যাবে! ২০ অক্টোবর আসছে রেদওয়ান রনি পরিচালিত চরকি এক্সক্লুসিভ ফিল্ম আইসক্রিম।’ এই ঘোষণার পরপরই দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়। পরিচালক রেদওয়ান রনি যখন পোস্টারটি শেয়ার করেন, তখন মন্তব্যের ঘরে সিনেমাটি দেখার আগ্রহের পাশাপাশি অনেকের পুরোনো স্মৃতিও ভেসে ওঠে। একজন দর্শক লিখেছেন, ‘অপেক্ষায় আছি সিনেমাটি দেখার জন্য।’ অন্য একজন মন্তব্য করেন, ‘এটা ছিল আমার জন্য প্রথম বাংলা সিনেমা, যেটা আমি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলাম।’

দর্শকদের এই আবেগের সাথে মিলে গেছে সিনেমার পরিচালক ও তিন প্রধান অভিনয়শিল্পীর অনুভূতির। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির এই মুহূর্তে তাঁদের স্মৃতিতে ফিরে এসেছে প্রথম সিনেমার রোমাঞ্চ, শুটিংয়ের দিনগুলো, পারস্পরিক বন্ধুত্ব এবং একদল নতুন মুখ নিয়ে কাজ করার স্বপ্ন। শরীফুল রাজের কাছে 'আইসক্রিম' সিনেমাটি তাঁর অভিনয় জীবনের ভিত্তি হিসেবে গণ্য। এই অভিনেতার ভাষ্যে, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু আইসক্রিম আমার জীবনের সেই ভিত্তি, যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে। রিহার্সাল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস, রেদওয়ান রনি ভাইয়ের গাইডেন্স আর শুটিং সেটের মুহূর্ত এখনো জীবন্ত। ক্যারিয়ারের শুরুতে যেই প্যাশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, দর্শকেরা চরকিতে আইসক্রিম সিনেমার মাধ্যমে আমার শুরুর দিনগুলোকে দেখতে পাবেন।’

নাজিফা তুষির জন্য এই চলচ্চিত্রটি কেবল প্রথম সিনেমা ছিল না, বরং বিনোদন জগতে তাঁর প্রথম পদক্ষেপ ছিল এটি। নাটক বা বিজ্ঞাপনের অভিজ্ঞতা ছাড়াই তিনি সরাসরি সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। এখন সেই দিনগুলোর কথা ভেবে তিনি অবাক হন। তুষির ভাষ্যে, ‘সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই, না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই। আর তখন এফডিসির বাইরে বিকল্প সিনেমা হচ্ছিল অনেক কম। আমার কাছে মনে হয়েছিল যে আইসক্রিম ভালো সিনেমা এবং রেদওয়ান রনি ভালো নির্মাতা। ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়।’

প্রথম সিনেমার কাজ করতে গিয়েই অনেক কিছু শিখেছেন এই অভিনেত্রী। হাওয়া সিনেমার অভিনেত্রী তুষি জানান, ‘আইসক্রিম করার পর আমি অনেক কিছুই বুঝেছি। আইসক্রিম সিনেমাটা দর্শকেরা আবার দেখতে পারবেন, সেটা বেশ ভালো লাগার। তখনো বলেছি, সিনেমাটা সবাই দেখুন, একবার হলেও দেখুন, এখনো তা–ই বলছি। কিন্তু সত্যি খুব অবাক লাগে যে কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’

বর্তমানে মঞ্চনাটকের কাজে ব্যস্ত কুমার উদয়। দীর্ঘ সময় ধরে অনেকেই তাঁর প্রথম সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছিলেন। চরকিতে মুক্তি পাওয়ায় সেই আবদার পূরণের সুযোগ হলো। তবে উদয়ের কাছে এই স্মৃতিগুলো এখনো রঙিন। তিনি বলেন, ‘সিনেমার তো অনেক স্মৃতি ও সেগুলো সবই রঙিন। এমন না যে সেগুলো পাস্ট মেমরি, সেগুলো সব কালারফুল মেমরি হয়ে আছে আমার কাছে। সিনেমা শুরু হওয়ার আগে আমাদের তিনজনের যে বন্ডিংটা হচ্ছিল, সেই সময়টা আমার কাছে অসাধারণ। আমার আরেকটা জায়গায় খুব অবাক লাগছে, আইসক্রিম সিনেমাটা ১০ বছর পরও কীভাবে এত প্রাসঙ্গিক! আমার তো মনে হচ্ছে, এ সময় বা এ প্রজন্মের কাছে সিনেমাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

রেদওয়ান রনির পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র হলো 'আইসক্রিম'। পরিচালনার পাশাপাশি তিনি এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। তিনি জানান, সিনেমাটিতে নতুন মুখ নেওয়ার সিদ্ধান্তটি ছিল গল্পের চাহিদার কারণে। এক দশক পর সিনেমাটি পুনরায় দর্শকদের কাছে পৌঁছানোর এই মুহূর্তে নির্মাতার মনেও ফিরে এসেছে শুরুর স্বপ্ন ও কঠোর পরিশ্রমের কথা। রনির ভাষ্যে, ‘১০ বছর আগের কথা, যখন আইসক্রিম বানিয়েছিলাম, তখন এর পেছনে ছিল কিছু তরুণের অক্লান্ত পরিশ্রম আর তরতাজা স্বপ্ন, একঝাঁক নতুন মুখ আর সীমাহীন আবেগ। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের সমীকরণ বদলালেও কিছু অনুভূতি ও বাস্তবতা কখনো ফিকে হয় না। সিনেমাটি চরকির পর্দায় নতুন করে আসতে যাচ্ছে, তখনো মনে হচ্ছে সিনেমার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক, মনে হচ্ছে যেন পুরোনো সেই স্বপ্ন নতুন সাজে ফিরছে আবার।’

দেশি ও বিদেশি দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত পরিচালক। তিনি বলেন, ‘প্রেক্ষাগৃহে সিনেমাটি যাঁরা মিস করেছিলেন বা দেশের বাইরে ছিলেন, তাঁরা এখন যেকোনো দেশ থেকে বা দেশের যেকোনো জায়গা থেকে চরকিতে আইসক্রিম সিনেমাটি দেখতে পারবেন, এটাও অনেক আনন্দের।’

সিনেমার পাশাপাশি এর গানগুলোও পুরোনো শ্রোতাদের স্মৃতি জাগিয়ে তুলতে পারে। ‘বোকা চাঁদ’, ‘পথ’সহ সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান। রাজ, তুষি ও উদয়ের পাশাপাশি এতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানী, সায়েম সাদাত ও নাদিয়া খানম।