ঢাকার আশুলিয়ায় অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মানে ভূষিত করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এই সম্মাননা প্রদান করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেষ্টটি তুলে দেন।
কনকর্ড গ্রুপের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার। এই বিশেষ মুহূর্তে গ্রুপের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি ব্যক্ত করে অনুপ কুমার সরকার বলেন, “এই স্বীকৃতি কনকর্ড গ্রুপ ও ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য সম্মানের। এটি দর্শনার্থীদের মানসম্মত বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে তাঁদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।” পাশাপাশি এই অনন্য স্বীকৃতির জন্য তিনি বাংলাদেশ পর্যটন বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ রোববার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনকর্ড গ্রুপ উল্লেখ করেছে যে, ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের এই অর্জন মূলত দেশের পর্যটন ও বিনোদন খাতের সামগ্রিক উন্নয়নে প্রতিষ্ঠানটির নিরলস অবদানকে প্রতিফলিত করে। মানসম্মত পারিবারিক বিনোদন নিশ্চিত করা, আধুনিক রাইডের সংযোজন, দর্শনার্থীদের জন্য উন্নত অভিজ্ঞতা তৈরি এবং দেশের পর্যটন শিল্পের প্রসারে কার্যকর ভূমিকার কারণেই এই স্বীকৃতি এসেছে বলে তারা মনে করে।
রাজধানীর অদূরে আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখানে রয়েছে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং (গো-কার্ট) এবং অবকাশযাপনের জন্য বিশেষ রিসোর্ট আটলান্টিস। পরিবার, দেশি-বিদেশি পর্যটক এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কাছে অবকাশ ও বিনোদনের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে এটি পরিচিতি লাভ করেছে।