ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়েও কাজে যোগ না দেওয়ায় আজ শনিবার ওই এলাকার প্রায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারার আওতায় সাভার ও আশুলিয়ার আরও ১১টি কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। আজ বেলা ১১টার দিকে এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে পৌঁছেছিলেন। অধিকাংশ কারখানায় কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হলেও আশুলিয়ার নরসিংহপুর এলাকায় উত্তেজনা দেখা দেয়। সেখানে হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় কাজের সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণ করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানান, যদিও তাঁরা কার্ড পাঞ্চ করেছিলেন।
শ্রমিকেরা কাজে না ফেরার পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। একই ধরনের পরিস্থিতি আশুলিয়ার আরও কয়েকটি কারখানায় দেখা দেয়, যেখানে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
অন্যদিকে, কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা বিভিন্ন কারখানার সামনে কিছু শ্রমিক জড়ো হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শারমিন গ্রুপের একটি কারখানার এক শ্রমিক জানান, ‘সকাল সাতটায় অফিসের সময় করায় পোলাপান কার্ড পাঞ্চ করে কারখানার নিচে আসে। পরে ছুটি দিছে।’
বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নিলে পুলিশ পুনরায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।
আজ দুপুরের দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মুক্তকণ্ঠকে জানান, কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা বিভিন্ন কারখানার সামনে কিছু শ্রমিক কারখানাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।