কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য জীবনবিমা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যাচ্ছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এই লক্ষ্য অর্জনে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

চুক্তিটি গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম এবং কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার শাকিল আবির, প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল করিম, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফারুক আহমেদ, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মো. রিয়াজুল হাসান সোহাগ এবং নির্বাহী পরিচালক মো. মফিজুল ইসলাম ও মো. সাকিব রায়হান।

অন্যদিকে, গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সানিয়াত রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার অরণ্যা আক্তার বিথী।

এই অংশীদারিত্ব প্রসঙ্গে গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, “কর্মীদের সুস্থতা ও কল্যাণ টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি। এ অংশীদারত্বের মাধ্যমে কনকর্ডের কর্মীদের ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।”

অন্যদিকে, কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল তাঁর বক্তব্যে বলেন, “কর্মীদের জন্য শুধু কর্মক্ষেত্র নিশ্চিত করাই প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; জীবনের অনিশ্চয়তা মোকাবিলায়ও তাঁদের পাশে থাকা জরুরি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গার্ডিয়ান লাইফ বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে বিমা সুরক্ষা প্রদান করছে। প্রতিষ্ঠানটির জীবনবিমার আওতায় বর্তমানে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ অন্তর্ভুক্ত রয়েছেন।