তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিকপক্ষের প্রস্তাবের জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। নির্ধারিত এই সময়ের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাবনা পেশ না করলে, আইন অনুযায়ী নির্ধারিত সূচক ও প্রক্রিয়া অনুসরণ করে বোর্ড নিজস্ব উদ্যোগে কাজ এগিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত পিজিসিএল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
মজুরির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে বোর্ডের কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, “মালিকরা আমাদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন কি না, তা বলার সময় এখনও আসেনি। কারণ, ২৩ তারিখে তারা প্রস্তাব দেবেন বলে আশা করছি। আমি কাউকে বাধ্য করতে পারছি না। তবে কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী কাজ করব। বোর্ডের হাতে থাকা প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
বোর্ড কোনো নির্দিষ্ট পক্ষের দ্বারা প্রভাবিত নয় বলে দাবি করেন চেয়ারম্যান। তিনি উল্লেখ করেন, বোর্ডে মালিক ও শ্রমিক—উভয় পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সুযোগ-সুবিধা সরেজমিনে যাচাই করার জন্য কারখানা পরিদর্শন করা হচ্ছে, যাতে দ্রুত একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো চূড়ান্ত করা সম্ভব হয়।
বোর্ডের সময়সীমা প্রসঙ্গে তিনি জানান, শ্রম আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর কাজ শেষ করার জন্য ছয় মাস সময় পাওয়া যায়। সেই হিসেবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বোর্ডের হাতে সময় রয়েছে। তবে বর্তমান সরকার দ্রুত নতুন মজুরি কাঠামো কার্যকর করতে আগ্রহী। গত ১ নভেম্বর বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করে যাচ্ছে।
চেয়ারম্যান আরও জানান, শ্রমিকদের বেতন-ভাতা, পরিবারের সদস্যসংখ্যা, জীবনযাত্রার প্রকৃত ব্যয় এবং মালিকপক্ষের সুযোগ-সুবিধা ও অসুবিধাগুলো সরেজমিনে যাচাই করতেই তিনি কারখানা পরিদর্শনে এসেছেন। এছাড়া দেশের ৬১টি শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবগুলোও বিশ্লেষণ করা হচ্ছে।
কারখানা পরিদর্শন কর্মসূচি শেষ করে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে তিনি আশুলিয়া ত্যাগ করেন।