ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) আরও একজন কারাবন্দী অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রোববার বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুজন (৪৬) নামের ওই কারাবন্দীর মৃত্যু হয়।
কারা সূত্রে জানা গেছে যে, সুজন অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কারারক্ষী আলামিনসহ কয়েকজন কারারক্ষী তাঁকে রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর বিকেল চারটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
কারা সূত্রে আরও জানা যায়, রামপুরা থানার ৫২৯৫/২৬ (সিআর) মামলায় পু:আ:-৮৯ ধারায় বন্দী ছিলেন সুজন। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়াই গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।