সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “চিন্ময় দাসকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।” তিনি আরও জানান, সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। তবে কী বিশেষ কারণে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিশেষ কোনো কারণ নেই। বন্দীদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা নিয়মিত কাজের অংশ।”
উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন শুনানির দিন চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি পৃথক মামলা করা হয়।
তদন্ত প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ জুলাই তদন্ত কর্মকর্তা চিন্ময় দাসসহ মোট ৩৮ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে বাদী পক্ষ ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন জানালে, একই বছরের ২৫ আগস্ট আদালত আসামি সুকান্ত দত্তসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় এই মামলাটি করা হয়েছিল। তবে পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। উক্ত রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়।