বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন মুক্তকণ্ঠকে এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কেন অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার করার পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঠিক ওই দিন আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হন। পরবর্তীতে এই আইনজীবী হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।