গ্রেপ্তারের এক মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গোলাম ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গোলাম ফারুক মুক্তকণ্ঠকে বলেন, “সকাল ১০টার দিকে আখতারুজ্জামান কারামুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে গ্রহণ করেন।”
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় আখতারুজ্জামান কারামুক্ত হলেন। এই মামলায় গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় অধস্তন আদালতে জামিন আবেদন বিফল হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে গত রোববার হাইকোর্ট রুলসহ আখতারুজ্জামানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। তবে রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষের সেই আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন। রাষ্ট্রপক্ষের করা আবেদনটি নিষ্পত্তি করে আদালত এই আদেশ প্রদান করেন।
আখতারুজ্জামানের আদি বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। তিনি কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে একাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। পরবর্তীতে ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন।
আখতারুজ্জামান একসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাঁকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন সময়ে সমসাময়িক ইস্যু নিয়ে টক শো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে তিনি আলোচনায় থাকেন। এই পরিস্থিতির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন আখতারুজ্জামান।