ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় গতকাল শুক্রবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর অপর একজন চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান।
মৃত দুই ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৫৭) ও শাহ আলম (৪১)। তাঁদের মধ্যে একজন কয়েদি এবং অন্যজন হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
কারা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গতকাল দিবাগত রাত একটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সাকিল আহমেদসহ কয়েকজন তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে আরও জানা গেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে জিআর ৯৬৫৫/২৬ নম্বর মামলায় পুরোনো আইনের ৮৯ ধারায় মামলা ছিল। তিনি দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার সলিম মিয়ার ছেলে।
অন্যদিকে, শাহ আলমকেও গতকাল দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা ১০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর বিরুদ্ধে কোন মামলা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৃত খোকা মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ও মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।