দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এই সাক্ষাতের কথা জানান।

সাক্ষাৎকার শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘বিদায়ী সাক্ষাৎকারে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর অবদানের (দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে) প্রশংসা করছি এবং তাঁর ভবিষ্যৎ কর্মপ্রয়াসের সাফল্য কামনা করি।’

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাৎ প্রসঙ্গে রিয়াজ হামিদুল্লাহ তাঁর নিজস্ব এক্স হ্যান্ডলারে বিস্তারিত অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের দূত হিসেবে ভারতে ১৮ মাসের দায়িত্ব পালনের সময়, দুই দেশের অভিন্ন স্বার্থে পারস্পরিক বিশ্বাস, মর্যাদা ও সুবিধার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘ মেয়াদে টিকিয়ে রাখার লক্ষ্যে নীরবে স্থিতিশীল ও সুদৃঢ় করার চেষ্টা করেছি।’

দিল্লিতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার তাঁর দায়িত্ব পালন ও কূটনৈতিক কৌশলের কথা উল্লেখ করে আরও লিখেছেন, ‘কূটনীতির প্রথাগত পথ না হেঁটে, মানুষের হৃৎস্পন্দন স্পর্শ করার চেষ্টা চালিয়েছি।’