বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন জেলায় চালানো বিক্ষোভ ও সহিংসতা এবং এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের করা মন্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে নীরবতা পালন করেন তিনি। আজ শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে জয়সোয়াল স্পষ্ট করে জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তাঁর কিছু বলার নেই।
তবে প্রতিবেশী এই দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত বলে উল্লেখ করেন জয়সোয়াল। তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করে এসেছে। এই সম্পর্কের মূলে রয়েছে দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং সাধারণ মানুষের মধ্যকার নিবিড় যোগাযোগ।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কথা ছড়িয়ে পড়লে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না।” আওয়ামী লীগের নাম সরাসরি উল্লেখ না করে দলটির নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, “তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একজন সাংবাদিক এই প্রসঙ্গটি তুলে ধরে ভারত সরকারের মনোভাব জানতে চাইলে জয়সোয়াল উত্তর দেন, “আপনি সে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের প্রসঙ্গ তুলেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার কিছু বলার নেই।”
একই ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো আপডেট বা খবর আছে কি না জানতে চাওয়া হলে জয়সোয়াল জানান, এ বিষয়ে তেমন কিছু তাঁর জানা নেই।
ব্রিফিংয়ে গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, চুক্তিটি যাতে নবায়ন না হয়, সেজন্য বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে; এমতাবস্থায় নবায়নের কোনো সম্ভাবনা আছে কি না। অন্য এক সাংবাদিক জানতে চান, বর্তমানে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে যোগ দিতে ভারতের একটি প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে। সেখানে যে আলোচনা হবে তা কি কেবল কারিগরি পর্যায়ের নাকি বাস্তব কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নিচুপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে গঙ্গা পানিচুক্তি নবায়ন করা সম্ভব কি না, সেই বিষয়েও প্রশ্ন করা হয়।
এই প্রশ্নগুলোর কোনো বিস্তারিত জবাব দেননি রণধীর জয়সোয়াল। তিনি কেবল জানান, গঙ্গাসহ দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত সব অভিন্ন নদীর পানিসম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার যৌথ নদী কমিশনের (জেআরসি) রয়েছে এবং এটিই প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থা। এরপর পুনরায় ভারতের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে এসেছে। তবে ঢাকায় জেআরসির বর্তমান বৈঠকের সুনির্দিষ্ট চরিত্র সম্পর্কে তাঁর জানা নেই বলে জানান তিনি।