সাতক্ষীরার তালা উপজেলায় মাদক ব্যবসার গোপন তথ্য পুলিশকে দেওয়ার অভিযোগে এক গ্রাম পুলিশ সদস্যকে নির্মমভাবে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিন ব্যক্তির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে তালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সোহেল শেখ (৩৪)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি বাজারের একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস এবং হযরত সরদার নামের তিন ব্যক্তি সোহেল শেখকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন। সোহেল শেখ এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে কাঠ দিয়ে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই অতর্কিত হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।

সোহেল শেখ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভুক্তভোগীর দাবি, তিনি এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এবং মাদক কারবারিদের বিষয়ে তথ্য প্রদান করেন। এই কারণেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। মাদকবিরোধী এই কার্যক্রমের জেরেই তার ওপর হামলা চালানো হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সোহেল শেখ আরও জানান, এর আগে তার নেতৃত্বে আটারই গ্রামের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিলনকে ইয়াবাসহ এবং হাজরাকাটি এলাকার মুস্তাইনকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাদকের বিরুদ্ধে এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়ার কারণেই তিনি আজ হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে দাবি তার।

এছাড়া অভিযোগ করা হয়েছে যে, হযরত সরদার দীর্ঘ সময় রাতে হাজরাকাটি বাজারে অবস্থান করে বিভিন্ন বিষয়ে নজরদারি করেন, যা সন্দেহজনক বলে মনে করেন সোহেল শেখ।

ঘটনার পর নিজের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে তালা থানায় জিডি করেছেন সোহেল শেখ। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, “গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবেন।”