বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’।
আজ শনিবার দুপুর ১২টার দিকে বিবেকানন্দ মিশনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু করেন। সেখান থেকে তাঁরা কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের দিকে অগ্রসর হন। এই মিছিলের পাশাপাশি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) সদস্যরাও একই দাবিতে আলাদা একটি মিছিল নিয়ে এগিয়ে আসছিলেন।
নিরাপত্তার স্বার্থে পুলিশ উপহাইকমিশনের অদূরে বেকবাগান মুখে এবং উপহাইকমিশনের ফটকের নিকটবর্তী দুটি স্থানে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এসময় মিছিলকারীরা স্লোগান দিয়ে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এই প্রতিবাদ কর্মসূচিতে বেশ কয়েকজন সাধুসন্তও অংশগ্রহণ করেন।
পুলিশি বাধা পেয়ে বিক্ষোভকারীরা উপহাইকমিশনের অদূরে সড়কের ওপর অবস্থান নেন এবং বসে পড়েন। পরবর্তীতে বিক্ষোভকারীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধি উপহাইকমিশনে প্রবেশ করে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।
এদিকে এনসিপিআইয়ের সদস্যরা বিক্ষোভ মিছিলের পেছনের দিকে অবস্থান করলেও এতে আপত্তি জানান বিবেকানন্দ মিশনের সদস্যরা। কিছু সাধু দাবি করেন, আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। তাই কোনো রাজনৈতিক দলকে তাঁরা এই বিক্ষোভে শামিল হতে দিতে পারেন না।