রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের প্রবেশপথে কেচিগেটে রহস্যজনকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে জেলা শহরের দলীয় কার্যালয়ে এই ঘটনাটি ঘটে, যার ফলে গেটের সামনের অংশ পুড়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল অভিযোগ করে বলেন, "একটি মহল পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে।" তিনি দাবি করেন, রাত ১টা পর্যন্ত নেতাকর্মী ও কেয়ারটেকার কার্যালয়ে ছিলেন এবং তারা চলে যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু মনে করেন, বিএনপির কার্যক্রম ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।
কার্যালয়ের কেয়ারটেকার মো. আতর আলী শেখ জানান, রাত ১টার দিকে তিনি সব তালা পরীক্ষা করে বাড়িতে চলে যান এবং তখন আশপাশে কাউকে দেখতে পাননি। সকালে তার স্ত্রী কার্যালয়ের কেচিগেট পোড়া অবস্থায় দেখতে পান, এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে দলীয় নেতাকর্মীদের অবহিত করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"