খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে সাধারণত চারটি পিকআপ গাড়ি পার্ক করে রাখা হতো। গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে এসে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে ঘটনার পর পিকআপ দুটি সেখান থেকে সরিয়ে ফেলেছেন চালক। এই ঘটনার পর থেকেই গাড়ির মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, “একটা গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।”

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল টিম কাজ করছিল। এর মধ্যে মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পরপর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খুব বেশি ক্ষতি হয়নি। পিকআপ দুটির মালিককে খোঁজা হচ্ছে। খুঁজে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”