কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে আহ্বান করা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা সামনে আসছে।

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সাত মসজিদ হাউজিং এলাকায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নির্দিষ্ট এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা হয়েছিল। গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনা প্রসঙ্গে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনার পর স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির ছয়টি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

পুলিশ কর্মকর্তা ফজলুল করিম আরও জানান, “বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হওয়ার প্রক্রিয়া চলছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশের হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে সারা দেশে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।