আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির প্রার্থী প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।
সাক্ষাৎকার পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।
প্রার্থী প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, "আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমানের ভিশন বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে কঠিন ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে আমরা ভেঙে যাব। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।"
মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে আবুল খায়ের ভূঁইয়া স্পষ্ট করে বলেন, "একজন চেয়ারম্যান, নয়জন পুরুষ সদস্য ও তিনজন নারী সদস্য—দলের পক্ষ থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের বাইরে কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।"
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে সাংগঠনিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে আবুল খায়ের আরও বলেন, "আপনাদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে এই সমাজ ও এলাকার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেকে নিজের অর্থ ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন। যারা দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখা হবে।"
তিনি জানান, কোনো এলাকায় দলের উপযুক্ত প্রার্থী না থাকলে এমন ব্যক্তিকেও বিবেচনা করা হতে পারে, যিনি আগে দলের সঙ্গে সরাসরি কাজ করেননি কিন্তু এলাকায় গ্রহণযোগ্য এবং দলের জন্য ভোট নিশ্চিত করতে সক্ষম। তবে সবকিছু দলীয়ভাবে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মতভেদ ও দল-মত নির্বিশেষে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি আমাদের পক্ষে না থাকেন, তাহলে রায়পুরবাসীসহ পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে।"