লক্ষ্মীপুরের রায়পুরে একটি হোটেল দখলের চেষ্টার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরোয়ানাভুক্তরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু ও রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রায়পুর বাজারের প্রধান সড়কে শাহী হোটেলের অবস্থান। গত ৩ জুলাই হোটেলটি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন এর মালিক হাবিব উল্যা। তার অভিযোগ, দখলচেষ্টার সময় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। ঘটনার পর নিজের ব্যবসা ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে ৮ জুলাই তিনি রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। মামলায় উল্লিখিত ছয়জনকে আসামি করা হয়। সোমবার আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য শুনে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
হোটেল মালিক হাবিব উল্যা বলেন, "আমি আইনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। বর্তমানে ব্যবসা ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিয়েও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।"