ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। এছাড়াও বাস টার্মিনাল এবং ডিপোগুলো আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। এই সময় সেখানে বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, "বর্তমান সরকার বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "রাজধানীর যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এসব টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নেওয়া হচ্ছে। পাশাপাশি টার্মিনাল ও ডিপো আলাদা করা হবে।"
মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা পরিদর্শনকালে সেখানে প্রায় ৮০টি বাস রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে তা বাস মালিক সমিতির নেতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।