জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম দাবি করেছেন, মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতের কোনো নেতা নন; তিনি কেবল একজন সহযোগী সদস্য। শনিবার (৩ অক্টোবর) দুপুর একটায় জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্যটি জানান।

সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম বলেন, "আপনার যারা টকশো করেন, তারা বলেন জামায়াতে গেলে নেতা হওয়া যায় না। আমরা দেখতে পেলাম আক্তারকে জামাতের নেতা বানিয়ে দেওয়া হয়েছে। কারণ তার দলকে বিভ্রান্ত করার জন্য। তিনি আমাদের সহযোগী সদস্য, সবেমাত্র প্রাথমিক সদস্য হয়েছেন। এরপর আমরা কর্মী বলি। এরপরে সদস্য বলি। তারপরে জামায়াতের নেতা হয়। নেতা হওয়ার প্রশ্ন আসে না, আখতার একজন সাধারণ সদস্য।"

এ সময় তিনি রংপুর বিভাগের উন্নয়নে জামায়াতে ইসলামীর ১৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা ও মধ্যপাড়া কঠিন শিলা (হার্ড রক) দ্বিতীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সৈয়দপুর বিমান বন্দর আধুনিকায়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, এবং রংপুর বিভাগের অবকাঠামো উন্নয়ন। এছাড়াও সকল উপজেলায় মহিলা কলেজ সরকারিকরণ, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, বিভাগীয় শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস লাইন সংযোগ, ট্রেন যোগাযোগ আধুনিকায়ন, কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং সব জেলা শহরকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমীর এটিএম আজম খান, রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ১৪ জন সংসদ সদস্য।