ছেলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। এই দ্বন্দ্বে কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতিতে পুনরায় উত্তাপ ছড়িয়েছে।
মামলায় বিএনপির নেতা-কর্মীদের অন্তর্ভুক্ত করায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাঁকে মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আখতারুজ্জামান। অন্যদিকে, বিএনপি নেতা-কর্মীদের আসামি করার তীব্র প্রতিবাদ জানিয়ে আখতারুজ্জামানকে ‘সংযত হতে’ বলেছেন বিএনপির নেতারা।
ঘটনার সূত্রপাত হয় ৪ নভেম্বর সন্ধ্যায়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা মাদক সেবন করছেন বলে সন্দেহ করে তাঁদের গালমন্দ করেন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান (৫০), যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত। এই ঘটনার পর শাহরিয়ারকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
হামলার ঘটনায় শাহরিয়ারের চাচা মিজানুর রহমান ১২ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন, যা ৬ নভেম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। তবে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের দাবি, আসামিদের মধ্যে তিনজন ছাড়া বাকিদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিএনপির নেতা-কর্মীদের এই মামলায় জড়ানো হয়েছে।
গত শনিবার তোফাজ্জল হোসেন এবং পরদিন আরিফুল ইসলাম ফেসবুক লাইভে এসে আখতারুজ্জামানকে সংযত থাকার আহ্বান জানান। তাঁরা সতর্ক করে বলেন, অন্যথায় পরিণতি ভালো হবে না।
তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, আখতারুজ্জামান একটি তুচ্ছ ঘটনাকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছেন। তিনি বলেন, যেহেতু আখতারুজ্জামানের ছেলের সঙ্গে ঘটনা ঘটছে, এখানে তুচ্ছ হলেও বিরাট আকার ধারণ করেছে। কারণ, তিনি জামায়াত নেতা। তোফাজ্জল হোসেন আরও বলেন, ‘যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিচার হোক। এখানে আমাদের বিএনপির নাম আসল কেন? এই ঘটনায় বিএনপি তো সম্পৃক্ত না। উনি কাদা–ছোড়াছুড়ি করছেন। এই বয়সে তাঁর কাদা–ছোড়াছুড়ি মানায় না।’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে মেজর আখতারুজ্জামানের ফোনে কথা হয়। এর আগেই তিনি বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। আমরাও চাই, আপনার ছেলে সঠিক বিচার পাক। আমি তাঁকে প্রশ্ন করলাম, আপনার উদ্দেশ্য কী? আপনি আমাদের বিএনপিকে কেন ব্লেইম করছেন?’
হুঁশিয়ারি উচ্চারণ করে তোফাজ্জল হোসেন বলেন, ‘যে বিএনপি উনাকে জন্ম দিয়েছে, সে বিএনপির সঙ্গে কাদা–ছোড়াছুড়ি করলে পরিণাম ভালো হবে না। বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হলে প্রতিবাদ করবই। প্রতিবাদ করা আমার সাংগঠনিক দায়িত্ব। কাজেই যাতে উনি সংযত হোন। তিনি জামায়াত নিয়েও ছিনিমিনি খেলছেন। ওসির বিরুদ্ধে যে মিথ্যা কথা বলছেন, সেটা অনভিপ্রেত।’
তোফাজ্জল হোসেনের দাবি, শাহরিয়ার ওপর হামলায় তাজুল ইসলাম নামের একজন জড়িত এবং তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কটিয়াদী উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার দাবি করেছেন, তাজুল ইসলাম তাঁদের কেউ নন।
অন্যদিকে, রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আফতাব মিয়া নামের এক ব্যক্তিকে পাশে বসিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেন। তাঁর দাবি, শাহরিয়ার ওই আফতাবকে চড় মেরেছিলেন। আফতাব চোখে ও কানে কম শোনেন এবং এর জন্য চিকিৎসা নিয়েছেন। চড় মারার পর তাঁর কানের সমস্যা আরও বেড়েছে বলে দাবি করেন আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম বলেন, ‘আমার সঙ্গে মেজর আখতারুজ্জামানের ফোনে কথা হয়। এর আগেই তিনি বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। আমরাও চাই, আপনার ছেলে সঠিক বিচার পাক। আমি তাঁকে প্রশ্ন করলাম, আপনার উদ্দেশ্য কী? আপনি আমাদের বিএনপিকে কেন ব্লেইম করছেন?’
মামলায় বিএনপির কতজন আসামি করা হয়েছে—এমন প্রশ্নে আরিফুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান ভূঁইয়াসহ অন্তত ছয়জন বিএনপি নেতাকে মামলায় আসামি করা হয়েছে। কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, আখতারুজ্জামানের ছেলেকে তিনজন আক্রমণ করলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতারাসহ ১২ জনকে মামলায় জড়ানো হয়েছে।
গত সোমবার ফেসবুক লাইভে এসে আখতারুজ্জামান দাবি করেন, তাঁর বা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামকে নিতে হবে। আখতারুজ্জামান বলেন, ‘কটিয়াদী থানা থেকে আমাকে একজন টেলিফোন করে জানালেন, আমার বিরুদ্ধে বিএনপির নেতাদেরকে দিয়ে কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম মামলা করাচ্ছেন। এখন থেকে যেকোনো সময় বিএনপির কোনো নেতাদেরকে দিয়ে কিংবা অন্য কাউকে দিয়ে আমার বা আমার সন্তানদের বিরুদ্ধে মামলা হতে পারে। বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখলাম।’
এর আগে এজাহার থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা এবং মামলা করতে বিলম্বের বিষয়ে ওসির সঙ্গে আখতারুজ্জামানের বিরোধ তৈরি হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তালিকা অনুযায়ী ১২ জনের বিরুদ্ধে মামলা হয়, যার মধ্যে ১২ নম্বর আসামি লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আখতারুজ্জামান সোমবার আরও বলেন, ‘কটিয়াদী ও কিশোরগঞ্জের বিএনপির একটি অংশ তার (ওসি) করায়ত্ত এবং সে তাদের পারপাস সার্ভ করার কথা বলে (মামলা) করাচ্ছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘(ওই এলাকার) সম্পূর্ণ মাদক ব্যবসাটা কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামের কর্তৃত্বাধীন এবং সে এটার মূল গডফাদার। এখানে যত মাদক ব্যবসায়ী আছে, সবার সঙ্গে তার সম্পর্ক। প্রতি রাতে সে সবার কাছে গিয়ে গিয়ে জায়গা ঘুরে ঘুরে টাকা কালেক্ট করে। তার সারা রাত টহল দেওয়ার মূল উদ্দেশ্য হলো, সে নিজে সরাসরি টাকাগুলো সংগ্রহ করে।’
তবে ওসি রফিকুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে মুক্তকণ্ঠকে বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কটিয়াদীর মানুষ জানেন এবং তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চেয়েছেন।
উল্লেখ্য, ৬ নভেম্বর কটিয়াদীতে জামায়াতের এক সংবর্ধনা অনুষ্ঠানে আখতারুজ্জামান হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। অনেকের ধারণা ছিল এর ফলে উত্তেজনা কমবে। তবে বিএনপি নেতাদের আসামি করা এবং পাল্টাপাল্টি বক্তব্যের ফলে পরিস্থিতি জটিল হয়েছে। আরিফুল ইসলাম বলেন, ক্ষমা করেছেন মুখে মুখে, মামলা তো আর উঠে যায়নি। এখানেও বড় রাজনীতি লুকিয়ে আছে।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক বলেন, বিএনপি নেতারা ঘটনার কয়েক দিন পর মুখ খুলছেন, যার পেছনে রহস্য রয়েছে। তাঁর মতে, আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর তাঁর রাজনৈতিক ও সামাজিক অবস্থান দৃঢ় হয়েছে, যা বিএনপির লোকজন মেনে নিতে পারছেন না।