কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই নারীর কাছে থেকে মোট ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দী গ্রামের আনিছ মিয়ার স্ত্রী মোছা. হামিদা বেগম (৩৮)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ওই দুই নারীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।