মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতের শিকার হয়ে এক বৃদ্ধ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মিরন দাস পাইনকা (৭০)। তিনি ওই বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর মিরন দাস পাইনকা গরু চরাতে চা বাগানের পেঁচার পুল এলাকায় যান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।