হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে হওয়া মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমান তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, মেজর আখতারুজ্জামানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ।
বিমানবন্দর থানা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি।
লাইভে আখতারুজ্জামান বলেন, ‘ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সবাইকে বিষয়টি জানিয়ে রাখলাম। দোয়া করবেন, দেশের মানুষ-জনগণ ও প্রবাসীর জন্য যেন শহীদ হতে পারি। আল্লাহ যেন আমার সেই আহ্বান কবুল করবেন।’
তিনি আরও বলেন, ‘জনগণের অধিকারে-সংগ্রামে আমি আছি, থাকব। যতদিন বেঁচে আছি, জনগণের জন্য সংগ্রাম করব।’