সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বিবৃতির কথা জানান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটজনিত বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রাজধানীর সেনানিবাস এলাকার ডিওএইচএস থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

বিবৃতিতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, "পবিত্র ওমরাহ পালন শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই হয়রানি ও ভোগান্তির শিকার হন আখতারুজ্জামান। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানান।"

সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন যে, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে বিষয়টি তদন্ত করার কথা জানালেও তদন্তের আগেই উল্টো আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘদিনের অব্যবস্থাপনার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি ও মূল্যবান সামগ্রী হারানোর মতো নানা কারণে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

মেজর (অব.) আখতারুজ্জামানসহ সাধারণ যাত্রীদের ভোগান্তির ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে সরকারের প্রতি মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান তিনি।