কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে যৌথ বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা এবং সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি মানবপাচারকারী চক্র এবং তাদের নেপথ্যে থাকা প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সেনাসদস্যের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে বিবৃতিতে বলা হয়।

মিয়া গোলাম পরওয়ার নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। একই সঙ্গে এই ঘটনায় আহত এবং উদ্ধারকৃত ব্যক্তিদের জন্য যথাযথ চিকিৎসা সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট বিষয়ে তিনি বলেন, ‘সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে, যা দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি। তাই এ অপরাধে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।’

দেশের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা পুরোপুরি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার আহ্বান জানান জামায়াত নেতা। এছাড়া সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।