বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি এই ব্যবস্থাকে অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত করে দ্রুত মামলা প্রত্যাহার ও বীর মুক্তিযোদ্ধাকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, "সামান্য ও ঠুনকো অজুহাতে খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের ও তড়িঘড়ি করে তাকে আটকের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও অশুভ লক্ষণ।"
বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ভিআইপি ও সংসদ সদস্যদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। এ পরিস্থিতিতে একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ান, যিনি দেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন—তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কথা বললে তা নিয়ে ক্ষুব্ধ হয়েই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা।
তিনি আরও বলেন, "যিনি যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না, সেই বীর মুক্তিযোদ্ধাকে সামান্য কথাকাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে উল্টো মামলা দেওয়া এবং তড়িঘড়ি করে তাকে আটকের ঘটনা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। এমন ঠুনকো অজুহাতে মামলা দায়ের করে আটকের সংস্কৃতি দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়।"
বর্তমান সরকারের প্রতি তাঁর প্রত্যাশা ও সমালোচনা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করে আইনের শাসন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হলেও, এখনো দায়িত্বশীল জায়গাগুলোতে অতীত স্বৈরাচারী কায়দায় তুচ্ছ কারণে মামলা দিয়ে জনগণকে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ডিবি কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানান।