কুমিল্লা নগরের একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে কানা মোমিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে তিনি ওই ভবনের রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোমিনকে আটক করে এসআরবি-১১। এসময় নির্মাণসামগ্রী বহনের জন্য ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।
আটক মোমিন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার প্রয়াত নান্নু ভূঁইয়ার ছেলে। এসআরবি-১১ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত পাঁচটি অধিক মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বর্তমান অবস্থা সম্পর্কে এসআরবির বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
এসআরবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা না পেয়ে জোর করে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোমিন ভূঁইয়াকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
এসআরবির ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তাঁর অন্য সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। আটক মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।