মহাকাশ গবেষণার শুরুর দিকে নভোচারীদের জন্য সাধারণ কলম বা পেনসিল ব্যবহার ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিকর্ষহীন পরিবেশে সাধারণ কলমের কালি কাজ করত না, আর পেনসিলের গ্রাফাইট ভেঙে সংবেদনশীল যন্ত্রপাতির ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। এই সমস্যার সমাধানে ১৯৬৮ সালের অক্টোবর মাসে বিশেষ 'ফিশার স্পেস পেন' তৈরি করা হয়। অ্যাপোলো সেভেনের মিশন কমান্ডার ওয়াল্টার শিরা প্রথম এই কলমটির ওজনহীনতা প্রদর্শন করেন। বর্তমানে নিউইয়র্কের আধুনিক শিল্প জাদুঘর এবং মহাকাশ জাদুঘরে এই কলম সংরক্ষিত আছে।
ফিশার পেন কোম্পানির প্রতিষ্ঠাতা পল ফিশার আগে থেকেই একটি প্রেশারাইজড কলম নিয়ে কাজ করছিলেন, যা পরবর্তীতে নাসার নভোচারীরা ব্যবহার করেন। পল ফিশারের ছেলে কেরি ফিশার জানান, বলপয়েন্টের কালি বের হয়ে শুকিয়ে যাওয়ার সমস্যা সমাধানে তাঁর বাবা একটি সিল করা কার্টিজ তৈরি করেন। এতে নাইট্রোজেন গ্যাস কালিকে পিস্টনের দিকে ঠেলে দিত, তবে অতিরিক্ত চাপের কারণে কালি বেরিয়ে আসত। নাসার আগ্রহে তিনি কালিতে রেজিন যোগ করেন, যার ফলে কালি থিক্সোট্রপিক রূপ নেয় এবং কলমের ডগার বলের ঘর্ষণে তা তরল হয়। এই কলমটির নাম দেওয়া হয় ‘এজি সেভেন’। নাসার ম্যানড স্পেসক্রাফট সেন্টার ব্যাপক পরীক্ষার পর নিশ্চিত করে যে, কলমটি সব অবস্থানেই কার্যকর।
মহাকাশে পাঠানোর পর এর নাম রাখা হয় ‘স্পেস পেন’। কেরি ফিশার জানান, তাঁর বাবা শুরুতে মনে করেছিলেন নামটি খেলনার মতো শোনায়, তবে শেষ পর্যন্ত তা সঠিক প্রমাণিত হয়। অ্যাপোলো সেভেনের পর থেকে নাসার প্রতিটি মানববাহী মিশনে এই কলম ব্যবহৃত হয়েছে এবং বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডজন ডজন স্পেস পেন রয়েছে। বর্তমানে এই কলমের প্রায় ৮০টি মডেল রয়েছে, যা সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, বিমান প্রস্তুতকারক এবং তেলশ্রমিকদের কাছে বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই শুরুতে মহাকাশযানে পেনসিল ব্যবহার করত। নাসার প্রজেক্ট জেমিনির সময় কমান্ড মডিউলের দেয়ালে সুতার সঙ্গে পেনসিল যুক্ত থাকত, যা নভোচারীরা রিপোর্ট লিখতে ও বিশ্লেষণ করতে ব্যবহার করতেন। ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাসে ফ্রেন্ডশিপ সেভেনের ফ্লাইটে নভোচারী জন গ্লেনকে নোটপ্যাড ও পেনসিল দেওয়া হয়েছিল। সহজে ব্যবহারের জন্য তাঁর হাঁটুতে একটি বিশেষ প্যাড যুক্ত ছিল এবং পেনসিলটি নাইলন কর্ড দিয়ে তার সঙ্গে বাঁধা ছিল যাতে শূন্যতায় ভেসে না যায়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার পর নাসা অ্যাপোলো সেভেন মিশনের জন্য প্রতিটি ছয় ডলার মূল্যে ৪০০টি কলম কেনার সিদ্ধান্ত নেয়। মহাকাশে ব্যবহারের সুবিধার্থে নাসা সেগুলোতে ভেলক্রো জড়িয়ে দেয়, যাতে নভোচারীরা সহজেই তা স্যুট বা দেয়ালে আটকে রাখতে পারেন।