চাঁদের বুকে স্থায়ী ঘাঁটি স্থাপনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে এখন নতুন প্রজন্মের দক্ষ নভোচারীদের খোঁজে নেমেছে সংস্থাটি। নির্বাচিত এই নভোচারীরা চাঁদে গিয়ে বসতি স্থাপন করবেন এবং সেখানে দীর্ঘমেয়াদে বসবাস করবেন। নাসার মতে, এই নতুন দলের হাত ধরেই মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ গড়ে উঠবে।
গত শনিবার নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই বিশেষ ঘোষণাটি প্রদান করেন। তিনি বলেন, ‘আমরা যাঁদের নির্বাচন করব, তাঁদের কেউ চাঁদে হাঁটতে পারবেন। কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করতে পারবেন। একই সঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর কাজেও ভূমিকা রাখতে পারবেন।’
নাসার এই নতুন নিয়োগ প্রক্রিয়াটি মূলত তাদের বিখ্যাত ‘আর্টেমিস’ কর্মসূচির একটি অংশ। আর্টেমিস প্রকল্পের মূল লক্ষ্য হলো চাঁদে পুনরায় মানুষের পদচিহ্ন স্থাপন করা। সম্প্রতি জ্যারেড আইজ্যাকম্যানসহ নাসার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৮ সালের মধ্যে আবারও নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।
নাসার দেওয়া তথ্যানুযায়ী, এই বিশেষ মিশনে নভোচারী হিসেবে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এছাড়া আবেদনকারীকে একজন দক্ষ পাইলট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতা এবং বিভিন্ন কারিগরি দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত নাসার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। পুরো প্রক্রিয়া শেষে ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে নভোচারীদের নির্বাচন করা হবে এবং এরপরই শুরু হবে তাদের কঠোর প্রশিক্ষণ পর্ব। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে নাসা নতুন নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সে সময় ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়েছিল।