হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটজনিত বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে এই মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হলে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এজাহারে অভিযোগ করা হয়, মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এবং মারধরের হুমকি দেন। এমনকি তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

এ সময় অভিযুক্তের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে উগ্র ও মারমুখী আচরণ করেন।

সরকারি কাজে বাধা দেওয়া, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।