কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিব এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫টি বসতঘর ও এর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চণ্ডিব এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিটের সূত্র ধরে আগুনের সূচনা হয়। পরে পাশের একটি বাড়ির রেফ্রিজারেটরে আগুন ধরে যাওয়ায় তা দ্রুত আশপাশের ছোট ছোট বসতঘরে ছড়িয়ে পড়ে।
আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকদের মধ্যে কালাম মিয়া, মতি মিয়া, আহমেদ মিয়া, মহব্বত মিয়া, ফজলু ও আয়েত আলী অন্যতম। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে তাদের ঘরগুলোসহ মোট ১৫টি ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু মূসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।"
সাব-অফিসার আবু মূসা আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা হয়নি।