বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জস্থ বাসায় বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে এই আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত চলছিল। ঠিক সেই সময়েই মন্ত্রীর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেলে সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।" তিনি আরও জানান, বাড়ির গেটম্যানের বরাত দিয়ে জানানো হয়েছে যে, গ্যাসের রাইজারে ‘বাজ’ (বজ্রপাত) পড়ায় আগুন ধরে যায়।