সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ সড়কে অবস্থিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনে আজ বুধবার বেলা সোয়া একটার দিকে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে পাশের আরও দুটি ভবনেও বজ্রপাতের কারণে গ্যাসলাইনে আগুন ধরে যায়। তবে দ্রুত ফায়ার সার্ভিসের সাড়া পেয়ে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা হয়নি।
খবর পাওয়া যায়, আজ দুপুর থেকেই সিরাজগঞ্জ পৌর শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল। এরপর বিকট শব্দে বজ্রপাত শুরু হলে বেলা সোয়া একটার দিকে মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের ডান পাশের দেয়াল ঘেঁষে প্রায় ১০ ফুট বাগানের ভেতরে গ্যাসলাইনের রাইজার পুড়ে যায়। বিষয়টি লক্ষ্য করে ভবনের নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
জ্বালানিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতের পর হঠাৎ গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে কেউ হতাহত হননি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, মন্ত্রীর বাসভবন ও পাশের পৌর শহরের হোসেনপুর বাগানবাড়িতে দুটি ভবনেও বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কিছুটা ক্ষতি হলেও কেউ হতাহত হননি।