নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করেছে সরকার। অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা, ওয়েবসাইটের ডোমেইন জটিলতা এবং সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের আগস্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার খোর্দ ঘোষপাড়ার প্লট নং-২৯৮-২৯৯-এর সামাদবানু টাওয়ারে সাত বছরের জন্য অস্থায়ীভাবে ইউসেট বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে শর্তসাপেক্ষে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়। তবে বর্তমানে সরকার ও ইউজিসি অনুমোদিত ঠিকানাতে কোনো ধরনের কার্যক্রম চলমান নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পূর্বানুমোদন ছাড়া কোনো ঠিকানা বা ভবনে একাডেমিক ও প্রশাসনিক কাজ চালানো যাবে না। কিন্তু ইউসেট বিশ্ববিদ্যালয় এই আইন লঙ্ঘন করে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও ওয়েবসাইটের ডোমেইন জটিলতা এবং সার্টিফিকেট বাণিজ্যের ঘটনাও তদন্তে প্রমাণিত হয়েছে।

সাময়িক অনুমতির মেয়াদ শেষ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর আওতায় ভর্তি ও শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১২(২) ধারা অনুসারে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির চলমান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শীঘ্রই পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।