দেশের উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়াতে চলতি বছর দেশের সব বিশ্ববিদ্যালয়ে 'ইন্টারন্যাশনাল অফিস' চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণার সহযোগিতা বৃদ্ধি করা। এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বাড়বে এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির সুযোগ আরও বিস্তৃত হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনটি আধুনিক ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত এসব উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তোলা। বিদেশি শিক্ষার্থী আকর্ষণ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। এর ফলে উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জ্ঞান বিনিময়, গবেষণা, সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে যুক্ত করার সুযোগও তৈরি হবে।”
তিনি আরও জানান যে, বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া সহজ করতে সরকার ‘স্টাডি বাংলাদেশ’ নামে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এই পোর্টালের আওতায় আনা হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, দেশের হাতেগোনা কিছু বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই ইন্টারন্যাশনাল অফিস থাকলেও বর্তমান সরকার চলতি বছরের মধ্যেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটি চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কেও ইন্টারন্যাশনাল অফিস খোলার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।