আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ছয়টি নতুন বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিষয়টি অনুমোদন করে উপাচার্যকে চিঠি দিয়েছে।
অনুমোদনপ্রাপ্ত বিভাগগুলো হলো—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সাইন্স, এগ্রিকালচার, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি, হিসাববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও জনস্বাস্থ্য। ইউজিসির অনুমোদনপত্রের সাথে কিছু শর্তও সংযুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ (GCT) ভর্তি পরীক্ষায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া গুচ্ছ ভর্তির কেন্দ্র হিসেবেও এই বিশ্ববিদ্যালয় কাজ করবে।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল মুক্তকণ্ঠকে বলেন, "সরকার ছয়টি বিভাগ অনুমোদন দিয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। প্রতিটি বিষয়ে ৪০ থেকে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আদর্শ সুনাগরিক ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে যোগ্য গ্র্যাজুয়েট তৈরিতে বদ্ধপরিকর।"
উপাচার্য আরও বলেন, "বিশ্ববিদ্যালয়কে এমনভাবে পরিচালনা করতে চাই যেন গ্র্যাজুয়েট হওয়ার পর কোনো শিক্ষার্থী বেকার না থাকে। দেশ ও বিদেশের চাহিদা মাফিক গ্র্যাজুয়েট তৈরি করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।"