ফেনীর দাগনভূঞা উপজেলার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষ থেকে টিকটক ভিডিও তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এই নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে কলেজের অধ্যক্ষ স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কলেজের সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে কোনো ধরনের টিকটক ভিডিও তৈরি করা যাবে না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে কলেজ ছাত্রদলের নেতাদের দীর্ঘদিনের আবেদন। ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় টিকটক নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা বারবার লিখিত আবেদন করেন।
সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফায়জানুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কিছু শিক্ষার্থী কলেজ ইউনিফর্ম পরে ক্যাম্পাসে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এতে কলেজের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
বিষয়টি নিয়ে কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, "আমরা স্যারকে অনুরোধ করেছি যেন শিক্ষার্থরা কলেজ ক্যাম্পাসে টিকটক না করে। আমরা অনেককে নিষেধ করা সত্ত্বেও তারা টিকটকে আসক্ত হয়ে পড়ে। চারদিকে কলেজের বদনাম রটে যায়। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।"
অধ্যক্ষ অধ্যাপক মুলকুতের রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা আনঅফিসিয়ালি শিক্ষার্থীদের কলেজে ফোন না নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করি। কিন্তু এখন দেখছি–শিক্ষার্থরা অতিরিক্তহারে ফোনে আসক্ত হয়ে পড়েছে। তাই তাদের বইমুখী করার লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে।"