নেত্রকোনার পূর্বধলায় কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাট ইজারা কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা নিয়মিত জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, উচ্চ আদালত থেকে প্রাপ্ত আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত বুধবার আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং নিয়মিত জামিনের জন্য আবেদন জানান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। পরদিন ২০ মে তৎকালীন ইউএনও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানের উপস্থিতিতে নিলাম শুরু হয়। এই নিলামে বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে কথা-কাটাকাটির সূত্র ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমান ও কর্মী এবাদুল ইসলামসহ কয়েকজনকে মারধর করেন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের বাইরেও দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে প্রশাসন পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়।
উক্ত ঘটনার জের ধরে ওই দিন বিকেলে আগিয়া বাজারে যুবদল নেতা শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা চালানো হয় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এরপরদিন রাতে শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আসামিদের উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।