নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে পুলিশ ঢাকা থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে আসামি রবিউল আওয়াল (২৪)কে আটক করা হয়। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নারী (৩২) জন্মগতভাবে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবার বাড়িতে থাকাকালীন প্রতিবেশী রবিউল আওয়াল বিভিন্ন সময় তাঁকে উত্ত্যক্ত করতেন।

১৬ সেপ্টেম্বর বিকেলে ওই নারী অন্য এক প্রতিবেশীর বাড়িতে গেলে রবিউল ইশারায় তাঁকে কাছে ডেন। ঐ সময়ে ওই বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। পরে রবিউল ওই নারীকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় অন্য এক নারী এগিয়ে আসলে রবিউল ঘর থেকে বের হয়ে পালিয়ে যান।

ঘটনার পর প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তাঁর বাবার বাড়িতে নেওয়া হয়। ঘটনার বিষয়ে ইশারা-ইঙ্গিতে জিজ্ঞাসা করলে তিনি রবিউলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান। এরপর তাঁর বাবা পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, "গ্রেপ্তার আসামি রবিউল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।" তিনি আরও বলেন, আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।