বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের চলমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলটি শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, আজ মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।